Sylhet Today 24 PRINT

বালুর অবৈধ উত্তোলন : গোয়াইনঘাটে ৫টি ড্রেজার মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা প্রায় দেড় লাখ ঘনফুট বালু জব্দ করে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। পরে জব্দকৃত বালু নিলামের পর ৩ লাখ ৪৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম নুর হোসেন নির্ঝরের নেতৃত্বে উপজেলার সারী নদীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আবুল হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন ও আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কথা হলে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম নুর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস করার পাশাপাশি প্রায় দেড় লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রি করে বিক্রিত টাকা সরকারের কোষাগারে জমা দেয়া হয়েছে। এ অভিযানের পরও যদি কোন ব্যক্তি পুনরায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.