Sylhet Today 24 PRINT

আগাম বন্যার আশঙ্কা: সুনামগঞ্জ হাওরের ধান অতিদ্রুত কাটতে বিজ্ঞপ্তি

সুনামগঞ্চ প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২০

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগাম বৃষ্টি ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় হাওরের বোরো ধান দ্রুত কাটার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৭-২০ এপ্রিল পর্যন্ত সময়ে মেঘালয় ও বরাক অববাহিকায় ১৫০ থেকে ২৫০ মিলিমিটার এবং ত্রিপুরা অববাহিকায় ১০০ থেকে ১২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে সুনামগঞ্জ ও সিলেট জেলার হাওর অঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কোন কোন স্থানে নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে।

এ অবস্থায় সুনামগঞ্জ জেলার হাওরের বোরো ধান দ্রুত কাটার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফসলরক্ষা বাঁধের কাজ বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট পিআইসিসহ সকলকে নিজ অধিক্ষেত্রে অবস্থানপূর্বক বাঁধের নিবিড় মনিটরিং জোরদার নিশ্চিত করার জন্য বলা হচ্ছে। বিশেষ করে যেসব ঝুঁকিপূর্ণ ক্লোজার পয়েন্ট রয়েছে সেসব স্থানে সংশ্লিষ্ট পিআইসিদের উপস্থিতি ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে হবে। বাঁধের কোন ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলে বা ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামত করতে হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানাতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.