তাহিরপুর প্রতিনিধি | ১৩ এপ্রিল, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুটি বাজারে লকডাউন অমান্য করে অযথা রাস্তায় ঘোরাফেরা করার অপরাধে তিন ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাদাঘাট ও আনোয়ারপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় সরকারি বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন করায় এক ব্যক্তিকে ৫শ’ টাকা এবং অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা করায় অপর ব্যক্তিকে ৩শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপর দিকে, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাদাঘাট বাজারে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করে চলাফেরা করার অপরাধে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় সাথে ছিলেন, বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসানসহ একদল পুলিশ সদস্য।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি জানান, সবাইকে সচেতন হতে হবে। সচেতন না হলে করোনাভাইরাসের ঝুঁকিতে থাকব আমরা। সবাইকে বুঝিয়ে পারছি না। কঠোর অবস্থানে না যাওয়া পর্যন্ত কেউই মানছে না।
উল্লেখ্য,গতকাল রোববার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এ ঘটনার সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক সর্বসম্মতিতে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করে। আজ আরও একজন গর্ভবতী মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।