Sylhet Today 24 PRINT

ভালো আছে সিলেটে করোনা আক্রান্ত প্রসূতির নবজাতক

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। সুনামগঞ্জের ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা সোমবার জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে তার নবজাতক ছেলে সুস্থ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার ওসমানী হাসপাতালে সন্তান প্রসব করেন ওই নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, নবজাতক এখনও সুস্থ আছে। শামসুদ্দিন হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ না থাকায় তাকে এখনও ওসমানী হাসপাতালে রাখা হয়েছে। মঙ্গলবার এই নবজাতকের ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। তাকেও পরীক্ষা করাতে হবে।

সুনামগঞ্জ সদর উপজেলার ওই নারী গর্ভবতী অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে ৪ দিন আগে তিনি সন্তান প্রসব করেন। এরপর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে রোববার তার করোনা পরীক্ষা করা হয়। সোমবার তার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে।

সোমবার সকালেই তাকে ওসমানী হাসপাতাল থেকে সিলেট শহীদ শামসুদ্দিান হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হয়। এরপর ওই রোগির সংস্পর্শে আসা ওসমানী হাসপাতালের ১৯ চিকিৎসকসহ ৪৪ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৯ জন চিকিৎসক ছাড়াও ১৪ জন সেবিকা ও ১১ জন হাসাপাতালের স্টাফ রয়েছেন।

একই কারণে সুনামগঞ্জ সদর হাসপাতালের ৩ চিকিৎসক ও ২ নার্স কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া পরীক্ষার জন্য ওই নারীর পরিবারের ৪ সদস্যদের নমূনা নেওয়া হয়েছে। তার বাড়ির পুরো এলাকাও লকডাউন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.