Sylhet Today 24 PRINT

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা ও বিকাশ পাঠালেই খাবার পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

তাহিরপুর প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ও স্বেচ্ছায় ঘরে থাকা সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাঁচা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বা ফার্মেসি থেকে ওষুধ কিনে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে উপজেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী।

এ ক্ষেত্রে হোম কোয়ারেন্টিন থাকা ব্যক্তিরা তাদের চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা নির্দিষ্ট দুইটি মোবাইল নাম্বারে ফোন কল অথবা মেসেঞ্জারে পাঠিয়ে পরবর্তীতে একটি বিকাশ নাম্বারে টাকা পাঠাতে হবে। পরে কোন সার্ভিস চার্জ ছাড়াই হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের ঘরে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ।

জানা যায়, জেলার তাহিরপুর উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক অপু মুখার্জীর নেতৃত্বে উপজেলা সদরসহ শনি ও মাটিয়ান হাওরপাড়ের গ্রামগুলোতেও তারা এ সার্ভিস দিচ্ছেন।

এ ব্যাপারে অপু মুখার্জী বলেন, করোনার জন্য অনেকেই শতভাগ নিরাপদ হোম কোয়ারেন্টিনে থাকতে চান। কিন্তু পরিবারের ঔষধসহ খাদ্য সামগ্রীর প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়। জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসাবে এমন একটি কাজ করতে পেরে আমরা গর্ববোধ করছি। তিনি জানান, নিজেদের সুরক্ষিত রেখেই আমরা এ কাজটি করছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, সবাই মিলেই আমাদের কে এই করোনা দুর্যোগ মোকাবেলায় কাজ করতে হবে। ছাত্রলীগের এই উদ্যোগ হাওরপাড়ের লোকজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে সহায়ক হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.