Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে গৃহবন্দি কর্মহীন মানুষের বাড়িতে সিলেটের এসপি

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২০

সিলেটের জৈন্তাপুরে উপজেলার মোকামপুঞ্জি খাসিয়া পল্লীর ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, শ্রীপুর চা-বাগান এলাকায় চা-শ্রমিক জনগোষ্ঠী ও হরিপুর এলাকার দিনমজুর ও অসহায় গৃহবন্দি পরিবারের মধ্যে খাদ্য উপকরণ দিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে সিলেট জেলা পুলিশ কল্যাণ তহবিল থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অসহায়, দিনমজুর ও দরিদ্র ১শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া লুৎফুর রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক সহ অন্যান্য কর্মকর্তারা৷

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন পর্যায়ের দৈনন্দিন কর্মজীবী মানুষজনেরা কর্মহীন হয়ে দিনযাপন করছে। এছাড়া পুলিশ করোনা ভাইরাস মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এমন পরিস্থিতি বৃহৎ জন গোষ্ঠীর একটি বিরাট অংশ শ্রমজীবী। বাংলাদেশ সরকার এ ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছে। আমরা সরকারের পাশাপাশি কিছুটা হলেও প্রান্তিক শ্রমজীবীদের খোঁজে বের করে এবং গৃহবন্দি অবস্থায় যারা আছেন তাদের খোঁজে বের করে আমরা তাদের ঘরে সহায়তা পৌঁছে দিচ্ছি। আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ অঞ্চলে অনেকের সামর্থ্য আছে আমি তাদের প্রতি অনুরোধ করব আপনারা শ্রমজীবীদের পাশে দাঁড়ান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.