নিজস্ব প্রতিবেদক | ১৪ এপ্রিল, ২০২০
নববর্ষের অনুষ্ঠানের টাকা দিয়ে হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিলেন সিলেটের নাট্যকর্মীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে নিম্ন আয়ের মানুষের কাছে রান্না করা খাবার প্যাকেট পৌঁছে দেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিবছর নিজস্ব ফান্ড থেকে বর্ষবিদায় ও নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করে নাট্য পরিষদ।
এবার দেশের সংকটকালে অনুষ্ঠানের বাজেটের সমপরিমাণ অর্থের খাবার অসহায় মানুষদের দেওয়া হয়েছে।
এ সময় সবাইকে ঘরে থাকার আহবান জানান তারা।
এছাড়াও নাট্য পরিষদের উদ্যোগে মুঠোফোন কলের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।