Sylhet Today 24 PRINT

কাতারে দুর্ঘটনায় কমলগঞ্জের ছাত্রলীগ নেতার মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২০

কাতারের নতুন শিল্প এলাকার একটি এ্যালুমোনিয়াম কোম্পানির মেশিন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম সুমন (২৭)।

সোমবার (১৩ এপ্রিল) কাতারের সময় বিকাল ৩টার দিকে কোম্পানির কাজে যোগদানের পর হঠাৎ করে মেশিন দুর্ঘটনায় সুমনের মৃত্যু হয়। নিহত সুমন মুন্সীবাজার ইউনিয়নের ইউনিয়নের মির্জানগর গ্রামের শওকত আলীর একমাত্র ছেলে।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম জানান, কাতারের সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে নিহত সুমনের মৃতদেহ দ্রুত দেশে তার পরিবারের কাছে পাঠানো হবে।

এদিকে মর্মান্তিক মেশিন দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম সুমন নিহত হওয়ার সংবাদ মঙ্গলবার কমলগঞ্জের গ্রামের বাড়িতে পৌছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। একমাত্র ছেলেকে হারিয়ে সুমনের মা-বাবা ও ২ বোন পাগলপ্রায়।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও সুমনের ঘনিষ্ঠ বন্ধু বিক্রমকলস গ্রামের পার্থ পাল বলেন, মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম সুমন খুব ভালো ছেলে ছিল। ছোটবেলা থেকেই ওর সাথে পরিচয়। রাজনীতিতেও ভালো সুনাম ছিল তার। কাতারে কমলগঞ্জের ছাত্রলীগ নেতা সুমনের অকাল মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী ও এলাকাবাসী গভীর শোকাহত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.