Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের ভানুগাছ বাজারে অগ্নিকাণ্ড

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তুলাধুনার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর দাবী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা গেছে, ভানুগাছ বাজারস্থ জবা’র কলোনিতে মোতাহের মিয়ার তুলাধুনার মেশিন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানায় থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শর্টস সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও কারখানা মালিক নিশ্চিত করেন।

ভুক্তভোগী মোতাহের মিয়া বলেন, করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরেই কারখানা বন্ধ ছিল।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, আগুনে পড়ে যাওয়া কারখানা মালিককে সরকারিভাবে সাহায্য করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.