Sylhet Today 24 PRINT

মাধবপুরে নারী ইউপি সদস্যের চিকিৎসায় এগিয়ে এলেন আরেক নারী

মাধবপুর প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাফিয়া খাতুনের চিকিৎসায় এগিয়ে এলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন।

সোমবার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে ‘মাধবপুরে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না নারী ইউপি সদস্য’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে তা নজরে পরে মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনের। তিনি সাংবাদিক রাজীব দেব রায় রাজু’র সঙ্গে যোগাযোগ করে নারী ইউপি সদস্য সাফিয়া খাতুনের চিকিৎসার খোজ খবর নেন এবং বিকাশে ৫ হাজার টাকা প্রেরণ করে।

অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন জানান, সমাজের যারা বিত্তশালী রয়েছেন প্রত্যেকে সাফিয়া খাতুনের পাশে দাঁড়নো উচিত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সাংবাদিক রাজীব দেব রায় রাজু ও সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডুবা গ্রামে মহিলা মেম্বার সাফিয়া খাতুনের বাড়িতে গিয়ে সাফিয়া খাতুনের হাতে চিকিৎসার টাকা তুলে দেন।

উল্লেখ্য, সাফিয়া খাতুন নয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডুবা গ্রামের মৃত হাছান মিয়ার স্ত্রী এবং ওই ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। একটি সভায় যাবার সময় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডুবা মসজিদের সামনে রাস্তায় পরে থাকা বিদ্যুতের তারে তার পা আটকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তার দু পায়ে আঘাত লাগে। এই ঘটনার পর তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.