Sylhet Today 24 PRINT

কর্মহীন মানুষদের সহযোগিতা করে বিশ্বনাথ থিয়েটারের নববর্ষ উদযাপন

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২০

৫০টি অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছানোর মাধ্যমে এবার নববর্ষ পালন করেছে সিলেটের বিশ্বনাথ থিয়েটার। যদিও বিশ্বনাথ থিয়েটার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই প্রতিবছর বাংলা নববর্ষ উদযাপন করে আসছে। তবে, এবার করোনাভাইরাস সংকটে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন বিশ্বনাথ থিয়েটারের কর্মীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সামাজিক দূরত্ব বাজায় রেখে পৃথকভাবে ৫০টি কর্মহীন পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন থিয়েটারের কর্মীরা।

এসময় পৃথকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি ইশতিয়াকুর রহমান, বর্তমান সভাপতি আনহার আলী, সদস্য আহমেদ জুয়েল, শফিক রুহিন প্রমুখ।

খাদ্যসামগ্রীর তালিকায় ছিল, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, একটি সাবান ও ২০০ গ্রাম হুইল ডিটারজেন্ট পাউডার।

বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী জানান, প্রতি বছর বৈশাখীতে পান্তা-ইলিশ পরিবেশন, নতুন পোশাক ক্রয় এবং বিভিন্ন অনুষ্ঠান করা হয়। কিন্তু এবছর করোনাভাইরাসের কারণে বৈশাখ উদযাপনের টাকা দিয়ে বিশ্বনাথের ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.