Sylhet Today 24 PRINT

হোম কোয়ারেন্টিনে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী

তাহিরপুর প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০২০

সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে হোম কোয়ারেন্টিনে আছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক মো. তৈয়বুর রহমান। গত বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় কোয়াটারের একটি কক্ষে একাই হোম কোয়ারেন্টিনে আছেন তিনি।

তবে স্থানীয় একটি পক্ষ বলে বেড়াচ্ছেন তিনি হোম কোয়ারেন্টিন না মেনে অবাধে চলাফেরা করছেন। তবে এই তথ্য সত্য নয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএফপিও) ডা. মো. ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক তৈয়বুর রহমান পায়ে আঘাত পেয়ে ফেব্রুয়ারির শেষের দিকে চিকিৎসার জন্য নিজ কর্মস্থল তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছুটি নিয়ে ঢাকায় যান। মার্চের ৩ তারিখ কুর্মিটোলায় চিকিৎসা করিয়ে সেখানকার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে থাকেন। এপ্রিলের ১২তারিখ পর্যন্ত ঢাকায় নিজ বাসায় ছিলেন তিন। সম্পূর্ণ বিশ্রামে থেকেই ১৩ এপ্রিল কর্মস্থলে তাহিরপুরে আসেন। এরপর তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক মো. তৈয়বুর রহমান জানান, সরকারি নির্দেশনা রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে যারা বাড়ি কিংবা কর্মস্থলে ফিরছেন তাদেরকে কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমি সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে হোম কোয়ারেন্টিনে আছি। এবং বাইরের কোথাও বের হচ্ছি না। কিন্তু কিছু লোক না যেনে না শুনে বলছে আমি ঘুরাফেরা করছি। যা মিথ্যা ও বানোয়াট।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএফপিও) ডা. মো. ইকবাল হোসেন জানান, তৈয়বুর কর্মস্থলে আসার পরেই সিভিল সার্জন স্যারের সাথে যোগাযোগ করে ও পরামর্শ অনুযায়ী তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাছাড়া সে করোনা সংক্রমণে আক্রান্ত কি না তা জানতে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। যে বা যারা বলছে তিনি হোম কোয়ারেন্টিন মানছে না এটি বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট তথ্য। তাছাড়া বর্তমান এ দুঃসময়ে পুলিশ, সাংবাদিক আর ডাক্তারই জনগণের পাশে রয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.