Sylhet Today 24 PRINT

দশ মাস বেতন না পেয়েও কাজ করছেন হাসপাতালের পিয়ন-আয়ারা

তাহিরপুর প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের ১১টি উপজেলায় সরকারী হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তরা দশ মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পেয়েও বর্তমান করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা।

এদিকে বেতন না পেয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন জেলার ২ শতাধিক পিয়ন, আয়া, ওয়ার্ডবয়সহ বিভিন্ন পদে কর্মরতরা। বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোন কাজ হচ্ছে না বলে জানা তারা। তাই তাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, গত বছর জেলার ১১টি উপজেলায় বিভিন্ন পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৩৪জন কর্মী নিয়োগ দেওয়া হয়। যার মধ্যে পিয়ন, আয়া, ওয়ার্ডবয়সহ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন । নিয়োগের পর চাকরিরত এসব কর্মীরা মাত্র ২ মাসের বেতন পেয়েছিলেন। এরপর দশ মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। বেতন ভাতা পাবার জন্য মানববন্ধন, লিখিত আবেদন করলেও আজ পর্যন্ত কোন কাজেই হয়নি। এরপরও বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধ হাসপাতালে সবার সাথে একাত্মা হয়ে কাজ করছেন তারা।

এবিষয়ে তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এমএলএসএস মিজানুর রহমান মিজানসহ কর্মরতরা জানান, নিয়োগ পাবার পর ২ মাস বেতন পেলেও গত দশ মাস ধরে বেতন পাচ্ছি না। ফলে আমিসহ আমার মত সবাই মানবেতর জীবনযাপন করছেন। বেতন দেই দিচ্ছি করে দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানান, বর্তমান করোনাভাইরাস প্রতিরোধের পরিস্থিতিতে সব ধরনের দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মীদের বেতনের বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.