তাহিরপুর প্রতিনিধি | ১৫ এপ্রিল, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে বয়ে গেছে। তবে এই ঝড়ে এখনও পর্যন্ত উপজেলার কোথাও বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে হঠাৎ করে পশ্চিম দিক থেকে বয়ে আসা কালবৈশাখী ঝড় বয়ে যায় উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি গাছ ভেঙে রাস্তায় পরে যায় ও বোরো ফসল কিছু ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস বলেন,উপজেলায় বিকালে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খোঁজ খবর নিচ্ছি। ঝড়ের ক্ষয়ক্ষতির খবর পেলে তালিকা করে আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে পাঠাবো।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, উপজেলায় বিকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তার খোঁজ এখনও পাই নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।