নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০২০
সিলেট নগরীর উপশহরে করোনার উপসর্গ নিয়ে এক শিশুর (১০) মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ থাকায় পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, শিশুটি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে রোগে ভুগছিল। তার শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে প্রথমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা মেয়েটির করোনার লক্ষণ দেখে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু শিশুটির স্বজনরা তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে না নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, জ্বর, সর্দি, কাশি নিয়ে একটি শিশু মারা গেছে। শিশুটিকে প্রথমে বেসরকারি একটি হাসপাতাল থেকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়ার জন্য বলা হলেও তারা ওসমানীতে নিয়ে আসেন। রাস্তায়ই শিশুটির মৃত্যু হয়।
করোনার উপসর্গ থাকায় আমরা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।
মৃতদেহ দাফনের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তার মৃতদেহ আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করেছি। অবশ্য তাদেরকে বলা হয়েছে সীমিত মানুষদের নিয়ে তারা যাতে পরবর্তী কার্যক্রম শেষ করেন।