Sylhet Today 24 PRINT

সিলেটের স্টেশন ম্যানেজারসহ রেলের ২৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের সময়ে ট্রেন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ৫৫ যাত্রী নিয়ে ঢাকা থেকে ট্রেন সিলেট আসায় রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমানসহ রেলওয়ের ২৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ করেছে সিলেট জেলা প্রশাসন।

শনিবার (১৮ এপ্রিল) রাতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে সিলেট জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

জানা গেছে, লকডাউন অমান্য করে শনিবার বিকেল ৫টায় কয়েকজনকে নিয়ে ঢাকা থেকে একটি যাত্রীবাহী ট্রেন সিলেটে এসে পৌঁছায়। যদিও গত ২৪ মার্চ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়। এদিকে, গত ১১ এপ্রিল লকডাউন করা হয় সিলেটকে। সিলেটের বাইরে যাওয়া ও প্রবেশ দুটোই নিষিদ্ধ করা হয়। তবে সকল নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট আসে।

এদিকে, সিলেটে ট্রেন আসার খবরে প্রশাসনেও তোলপাড় শুরু হয়। খবর পেয়ে রেলস্টেশনে ছুটে যান সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়া (এনডিসি)। তিনি সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, রেলওয়ের সংশ্লিষ্টরা আমাকে বলেছেন রেলের কর্মচারীদের বেতন নিয়ে কয়েকজন কর্মকর্তা সিলেট এসেছেন। তাদের হিসেবেই চালকসহ মোট ২০ জন এই ট্রেনে করে সিলেট আসার কথা। কিন্তু আমি রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে দেখেছি ৫৫ জন এসেছেন। আরও বেশিও আসতে পারেন।

তবে সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান যাত্রী পরিবহনের কথা অস্বীকার করে রাতে বলেন, ‘আমাদের ৫ জন লোক বেতন নিয়ে আসার কথা থাকলেও ওই ট্রেন প্রতিটি স্টেশনে থেমে থেমে বেতন পৌঁছে দিয়ে এসেছে। তবে পরে জানতে পারলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনসহ ২০ জন সিলেটে এসে পৌঁছেছেন। অন্য কোনো লোকজন ট্রেনে আসেননি।’

বিজ্ঞাপন

এদিকে, ট্রেনটি রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টায় রেলওয়ের ৮ জন কর্মকর্তা নিয়ে ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া বলেন, সিলেটে ট্রেন আসবে এটা জেলা প্রশাসনকে জানাননি রেলওয়ের ম্যানেজার। এছাড়া ট্রেনে আসা ২০ জন রেলওয়ের কর্মকর্তারাই ৩৫ জন যাত্রী এনেছেন। তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ট্রেনে আসা ৩৫ যাত্রীদের খুঁজছি আমরা।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, ট্রেনে যাত্রী আনা আমাদের ভুল হয়েছে। সিলেটে ট্রেন আসলে জেলা প্রশাসনকে জানাতে হবে এটা আমি জানতাম না। ভেবেছিলাম এটা শুধু আমাদের বিষয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.