নিজস্ব প্রতিবেদক | ১৯ এপ্রিল, ২০২০
লকডাউনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকার পরও ঢাকা থেকে সিলেটে এসেছে যাত্রীবাহী একটি ট্রেন। ট্রেনে করে সিলেটে এসে থেকে যাওয়া রেলের কর্মকর্তা-কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একদিন পেরিয়ে গেলেও সেই ট্রেনে করে সিলেট আসা আরও ৩৫ যাত্রীর খোঁজ বা পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার বিকেলে ৫৫ জন যাত্রী আন্তঃনগর এই ট্রেনটি সিলেট এসে পৌঁছে।
বিজ্ঞাপন
রেলওয়ের কর্মকর্তারা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে বলেছেন, রেলকর্মীদের বেতন নিয়ে রেলের কয়েকজন কর্মকর্তা ট্রেনটিতে করে সিলেট এসেছেন। ট্রেনে যাত্রী আনা উচিত হয়নি। এটা আমাদের ভুল। সিলেটে ট্রেন এলে যে জেলা প্রশাসনকে জানাতে হবে- এটাও আমি জানতাম না। ভেবেছিলাম এটা শুধু আমাদের বিষয়।
একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি বগি নিয়ে একটি ট্রেন শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট রেল স্টেশনে এসে পৌঁছে। ট্রেনটি থেকে অনেক যাত্রী নেমে দ্রুত স্টেশন ছেড়ে বেরিয়ে যান।
এদিকে সিলেটে ট্রেন আসার খবরে প্রশাসনেও তোলপাড় শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়া (এনডিসি)।
তিনি জানান, রেলওয়ের সংশ্লিষ্টরা আমাকে বলেছেন রেলের কর্মচারীদের বেতন নিয়ে কয়েকজন কর্মকর্তা সিলেট এসেছেন। তাদের হিসেবেই চালকসহ মোট ২০ জন এই ট্রেনে করে সিলেট আসার কথা। কিন্তু আমি রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে দেখেছি ৫৫ জন এসেছেন।
ট্রেনে আসা ৩৫ জন যাত্রীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা তাদেরকে খুঁজছি। তবে তাদের খুঁজে পাওয়া অনেক কঠিন হবে।
বিজ্ঞাপন
তবে সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন, আমাদের ৫ জন লোক বেতন নিয়ে আসার কথা ছিল। ওই ট্রেন প্রতিটি স্টেশনে থেমে থেমে বেতন পৌঁছে দিয়ে এসেছে। তবে পরে জানতে পারলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনসহ ২০ জন সিলেটে এসে পৌঁছেছেন।
শনিবার রাতেই সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. খলিলুর রহমানসহ রেলওয়ের ২৪ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে রেলপথ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সিলেট জেলা প্রশাসন।