Sylhet Today 24 PRINT

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই হাসপাতালের একজন ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হওয়ার পর আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) লাখাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্ত ডাক্তার ও নার্স হাসপাতালের ভেতরেই আইসোলেশনে আছেন। এছাড়া করোনা আক্রান্ত হওয়া উপজেলার আরেক ব্যক্তিকে হবিগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার গ্রাম লকডাউন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার রাতে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার বলেন, আক্রান্ত চিকিৎসক ও নার্স জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সেখানে কর্মরত বাকিরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) হবিগঞ্জে একদিনে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলেছুর রহমান বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বানিয়াচংয়ের ৩, বাহুবলের ১ জন, আজমিরীগঞ্জ ২ জন ও চুনারুঘাট ১ জন বলে জানান তিনি।

এর আগে সিলেট বিভাগের কোথাও এতো সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি। রোববার পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলা মিলিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৮। তবে সোমবার একদিনেই বিভাগের মোট আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যায় হবিগঞ্জ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.