Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের মসজিদে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে মসজিদে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে ৩জন আহত হয়েছেন বলে জানা যায়।

আহতরা হলেন- পাকন মিয়া (৪৫), শিমুল (২২) ও রকন (৩৮)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার এশার নামাজের পর ধারাবহর গ্রামের পাঞ্জেগানা মসজিদে তারাবির নামাজ নিয়ে কমিটির লোকজন আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে মসজিদের হিসাব নিকাশ নিয়ে ধারাবহর গ্রামের জিলাল মিয়ার সাথে একই গ্রামের জাবেদ মিয়ার কথা কাটাকাটির হয়। যার ফলে উভয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে উভয়ের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে মসজিদের মাইকিং করলে আশপাশের শতাধিক মানুষ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় জাবেদ মিয়ার দুই মামা ও এক খালাত ভাই আহত হন। আহতদের স্থানীয়দের সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাকন মিয়া ও শিমুল মিয়ার অবস্থা আশংকাজনক হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.