নিজস্ব প্রতিবেদক | ০৪ অক্টোবর, ২০১৫
সিলেটের দক্ষিন সুরমার পারাইরচক এলাকার পীর হাবিবুর রহমান চত্বর সংলগ্ন স্থানে পাহাড়িকা ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রাত ৮ টার দিকে সিলেট রেল স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতে খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম থেকে আসা আন্ততনগনর ট্রেনের পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির ২ টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকেই বন্ধ রয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল। রাত সাড়ে নয়টায় সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।
রেলের কর্মকর্তারা জানান, উদ্ধারকাজ শেষ হতে আরো অন্তত ২ ঘন্টা সময় লাগবে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু হবে।
আব্দুর রাজ্জাক জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে সিলেট থেকে একটি ও কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী বগি দর্ঘটনাস্থলে পৌঁচেছে।
এদিকে, বগি লাইনচ্যুত হওয়ার পর দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রীরা যে যার মতো গন্তব্যে চলে গেছেন।