Sylhet Today 24 PRINT

ইটভাটার শ্রমিকভর্তি বাস ঢুকতে পারেনি হবিগঞ্জে

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০২০

শত মাইল পাড়ি দিয়ে এসে মাধবপুর পুলিশের চেকপোস্টে এসে আটকা পড়ল ইটভাটার শ্রমিকভর্তি বাস। ফেনী থেকে একটি বাস ভর্তি হয়ে ইটভাটা শ্রমিকরা হবিগঞ্জের আজমিরিগঞ্জ হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনায় যাচ্ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে শুরু থেকেই এক জেলা থেকে অন্য জেলার লোকের আগমন ঠেকাতে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুরে একটি চেকপোস্ট বসানো হয়।

শনিবার (২ মে) ভোর রাতে ফেনী থেকে শ্রমিকভর্তি বাসটি চেকপোস্ট এলাকায় আসলে পুলিশ আটকে দেয়।

বিজ্ঞাপন

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, শত মাইল পাড়ি দিয়ে ভোর রাতে ৪৪ জন শ্রমিক নিয়ে মাধবপুর পুলিশের চেকপোস্ট অতিক্রম করার চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তক্রমে সকাল ১০টার দিয়ে হবিগঞ্জে ঢুকতে না দিয়ে ভৈরব হয়ে কিশোরগঞ্জে পাঠানো হয়। মাধবপুর থানা পুলিশ ইটভাটা শ্রমিক বহনকারী বাসটি ভৈরব টোল প্লাজা পর্যন্ত পৌঁছে দেয়।

মাধবপুর ট্রাফিক জোনের পরিদর্শক ফারুক আল মামুন ভুঁইয়া জানান, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকে পুলিশ সুপারের নির্দেশে সিলেটের প্রবেশদ্বার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে একটি চেকপোস্ট বসায়। সার্বক্ষণিক একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্টে অবস্থান করেন। সিনিয়র কর্মকর্তারা এটা মনিটরিং করেন। মা

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন আরও বলেন, সম্প্রতি ট্রাক ও পিকআপে করে অভিনব পন্থায় মানুষের বহন ঠেকাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে একটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। উঁচু এ টাওয়ার থেকে দূর থেকে পর্যবেক্ষণ করা য়ায়। পণ্যবাহী ট্রাকে কোনও যাত্রীবেশী মানুষ আছে কি না। করোনা হটস্পট থেকে ট্রাকে লুকিয়ে আসা মানুষের আগমন রোধে এ উদ্যোগ মাইলফলক। ওয়াচ টাওয়ারে সার্বক্ষণিক পুলিশ নিয়োজিত থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.