Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বৃষ্টিতে ভেজার পর মৃত বৃদ্ধের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া চা-বাগানে গত ২৭ এপ্রিল রাতে এক বৃদ্ধের মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ এটিকে স্বাভাবিক মৃত্যু হিসবে জানালেও এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ায় করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তি ও পরিবারের এক সদস্যের নমুনা সংগ্রহ করে। পরে আজ শনিবার মৃত সেই বৃদ্ধের করোনা পজিটিভ আসে।

শনিবার (২ মে) রাতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সুনছড়া চা-বাগান সূত্রে জানা যায়, চৈতু কর্মকার (৭০) নামের ওই বৃদ্ধ সোমবার সন্ধ্যার আগে চা-বাগান প্ল্যান্টেশন এলাকায় গরু খোঁজতে গিয়ে বৃষ্টিতে ভিজে যান। বাড়ি ফিরে ভেজা জামা-কাপড় পরিবর্তন করতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান। তাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। এ ঘটনাটি চা-বাগানে জানাজানি হলে চা-শ্রমিকদের মাঝে করোনা সংক্রমণ আতঙ্ক দেখা দেখ।

সেদিন রাতেই বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবহিত করা হলে পরদিন মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল এসে মৃত ব্যক্তি ও পরিবারের অন্য এক সদস্যের নমুনা সংগ্রহ করে। এরপর তার শেষ কৃত্য হয়।

এদিকে সেদিন রাতে সুনছড়া চা-বাগানের বাসিন্দা ও উপজেলা পরিষদরে প্যানেল চেয়ারম্যান রাম ভজন কৈরী বলেন, বৃদ্ধ বৃষ্টিতে ভিজে সন্ধ্যায় ঘরে ফেরার পর হঠাৎ করে মাটিতে পড়ে যান। পরে রাতে মারা গেছেন। তবে বৃদ্ধের এক নাতি ঢাকা থেকে বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন।

এর আগে শুক্রবার (১ মে) কমলগঞ্জে এক ব্যাংক কর্মকর্তা ও আনসারের এক সদস্যের করোনা পজিটিভ আসে। পরে আক্রান্তদের বাসা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। একই সাথে ভানুগাছ বাজারের ১০ নং পয়েন্ট সড়কও লকডাউন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.