Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে একই পরিবারের ৮ জনকে অচেতন অবস্থায় উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই পরিবারের আট সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সুরভীপাড়ায় নিজ বাড়ি থেকে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অচেতন হওয়া ব্যক্তিরা হলেন- শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আলী (৬০) ও তার পরিবারের সদস্য সুমি আক্তার (২৫), মিলু (২৮), শাকিল (৩৫), মুক্তা (৬), শাবা (৫ মাস), শাওন (২২) ও জাবেদ (২৫)। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে নয় সদস্যকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে পরিবারের সবাইকে অচেতন করে দুর্বৃত্তরা বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তা খাইয়ে বাড়ির ৮ সদস্যকে অচেতন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.