Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ধলাই নদী থেকে এক চা শ্রমিক সন্তানের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক মৃর্ত্তিঙ্গা চা বাগানের মেকাম টিলা লাইনের চা শ্রমিক বুধরাম রাজগৌড়ের ছেলে দুলন রাজগৌড় (২৮)।  

সোমবার (৪ মে) বিকাল ৩টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদী থেকে মৃতদেহ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসী মৃর্ত্তিঙ্গা চা বাগান সংলগ্ন ধর্মপুর এলাকায় ধলাই নদীতে ভেসে আসা একটি লাশ দেখে স্থানীয় জনপ্রতিনিধিসহ কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মৃর্ত্তিঙ্গা চা বাগানের বাসিন্দা রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী জানান, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দুলন রাজভর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সোমবার (৪ মে) দুপুরে তার লাশ ধলাই নদীতে পাওয়া যায়। তার স্ত্রী ও ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

ইউপি সদস্য ধনা বাউরী  আরও বলেন, নিহত দুলন রাজগৌড় একজন শান্তশিষ্ট ও সহজ সরল লোক ছিল। তার শরীরে আঘাতের চি‎হ্ন রয়েছে। তার এ অবস্থা কেন হল তা পুলিশী অধিক তদন্ত করলে জানা যাবে। ১০-১২ বছর পূর্বে মৃর্ত্তিঙ্গা চা বাগানের মোকাম টিলা লাইনের রাসু বাড়াইক নামের এক লোক নিখোঁজ হলে আজ পর্যন্ত তার খোজ মেলেনি।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে কারন জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.