Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০৭ মে, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জায়েদা খাতুন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৬ মে) রাত ২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোমেনা খাতুন সাধনা।

বিজ্ঞাপন

নিহত জায়েদা খাতুন শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামের সিদ্দীক আলীর স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে বাড়ির সামনের রাস্তা পারাপার হওয়ার সময় একই গ্রামের মৃত মমিন শাহর ছেলে সেলিম শাহ টমটম দিয়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন জায়েদা খাতুন।

সাথে সাথে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে দুর্ঘটনার পর থেকেই টমটম চালক সেলিম মিয়া পলাতক রয়েছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল মামুন বলেন, এ ঘটনায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.