Sylhet Today 24 PRINT

সিলেট থেকে আরও ১৪৪ নাগরিককে ফিরিয়ে নিলো যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২০

সিলেটে থাকা নিজেদের আরও ১৪৪ নাগরিককে ফিরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার সিলেট থেকে এই ১৪৪ জনকে নিয়ে যায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট। ঢাকাস্থ যুক্তরাজ্য দূতাবাস এই ফ্লাইটের ব্যবস্থা করে। করোনাভাইরাসের কারণে সিলেটে আটকে পড়া নাগরিকদের জন্য এটিই যুক্তরাজ্যের শেষ ফ্লাইট বলে জানা গেছে।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টায় যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকায় গেছে। ফ্লাইটে যাত্রী ছিলেন ১৪৪ জন।

তিনি জানান, সিলেট থেকে এসব যাত্রীদের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকালে একটি ফ্লাইট আরো কিছু যাত্রীসহ উড়াল দিয়েছে যুক্তরাজ্যের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন



জানা গেছে, যুক্তরাজ্য প্রথমবারের মতো গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফিরিয়ে নেয়। এরপর ২৩ এপ্রিল ১৭৭ নাগরিককে,  ২৫ এপ্রিল ১৭১ জনকে, ২৬ এপ্রিল ১৬৮ জনকে, ২৯ এপ্রিল ২১০ জনকে, ১ মে ২১৫ জনকে, গত ৩ মে ২১৩ জনকে এবং ৫ মে ২৩৬ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরায় যুক্তরাজ্য।

তন্মধ্যে সিলেট থেকে ওই ৭ ফ্লাইটে যান ৯৫৯ জন যুক্তরাজ্য নাগরিক।

গত সোমবার ফেসবুকে এক ভিডিওবার্তায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার জানান, বৃহস্পতিবারের ফ্লাইটই হচ্ছে শেষ ফ্লাইট। এরপর আর কোনো বিশেষ ফ্লাইটের চিন্তা তাদের নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.