Sylhet Today 24 PRINT

ঢাকা- সিলেট মহাসড়কের যাত্রী ছাউনি দখল করে গাছের ব্যবসা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০৭ মে, ২০২০

যাত্রীদের বসা বা বিশ্রামের জন্য তৈরি হলেও এখন প্রভাবশালীর দখলে শাহপুর বাজারের যাত্রী ছাউনি। বড় বড় গাছ ও গাছের ডাল, টুকরো রেখে শাহপুর বাজারের যাত্রী ছাউনি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে।

ঢাকা- সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাজারের যাত্রীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয় একটি যাত্রী ছাউনি।
কিন্তু দীর্ঘদিন ধরে এই ছাউনিটির সামনে গাছ ফেলে দখল রেখেছে ছাউনির পাশে থাকা ছ’মিলের মালিক শাহজাহান মিয়া।

সরজমিনে গিয়ে দেখা যায়, যাত্রী ছাউনিতে বিশ্রাম বা বসার কোন পরিবেশ নেই। ময়লা-আবর্জনা ঘিরে রেখেছে ছাউনির চারপাশ।
ছাউনির পাশেই শাহজাহান মিয়া বসিয়েছেন ছ’মিল। রাতে পাহাড়ি গাছ এনে যাত্রী ছাউনির সামনে ফেলে রাখা হচ্ছে। ফলে যাত্রীরা বিশ্রাম নিতে পারছেন না। দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। মহাসড়কের পাশেও শত শত গাছ ফেলে সাধারণ মানুষের চলাচলের একাংশ রাখা হয়েছে দখলে। প্রতিনিয়ত মানুষের চলাচলও বিঘ্নত হচ্ছে । এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের কোন দুর্ঘটনা।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বলেন, শাহজাহান মিয়া দীর্ঘদিন স’মিলের ব্যবসা করে আসছেন। বিভিন্ন রকমের শত শত গাছ রাস্তার পাশে, যাত্রী ছাউনির সামনে ফেলে রাখা হচ্ছে। কিছু বললে জানায়, থানা পুলিশ ম্যানেজ করেই নাকি ব্যবসা করে আসছে।

এ বিষয়ে শাহজাহান মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মাত্র কয়েকটা গাছ রাখলাম এতেই আপনাদের মাথা ব্যথা শুরু। আর অন্যরা যে মাটি কেটে নিচ্ছে সেটাকি আপনারা দেখেন না। যান আমার নামে গিয়া নিউজ করেন। আমি সব ম্যানেজ করেই ব্যবসা করছি।

মাধবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, যাত্রী ছাউনি যাত্রীদের বিশ্রামের জন্য করা হয়েছে। এখানে যাত্রীরা বিশ্রাম নিবে। বিষয়টি শুনেছি, যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.