সুনামগঞ্জ প্রতিনিধি | ০৭ মে, ২০২০
সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের লক্ষ্যে আবেদনকারীদের মধ্যে লটারি করেছে উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের উপস্থিতিতে বড়, মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার সদর উপজেলা থেকে ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৯০ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে ৫ হাজার ৮৫ জন কৃষক আবেদন করেছেন। এবার সদর উপজেলায় ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯৯০ মেট্রিক টন ধান করা হবে। সেই লক্ষ্যে ৫ হাজার ৮৫ জন কৃষক ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে আবেদন করেছেন।
সংশ্লিষ্টরা জানান, ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে ৯৯৫ মেট্রিক টন ধান ক্রয় করবে। একইভাবে মাঝারি কৃষকদের কাছ থেকে ৫৯৭ মেট্রিক টন এবং বড় কৃষকদের কাছ থেকে ৩৯৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এর মধ্যে ক্ষুদ্র কৃষক জনপ্রতি ১ মেট্রিক টন, মাঝারি কৃষকরা জনপ্রতি ২ মেট্রিক টন এবং বড় কৃষকরা জনপ্রতি ৩ মেট্রিকটন ধান বিক্রি করতে পারবেন।
লটারির মাধ্যমে কৃষকদের বাছাইয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন নাহার রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফ আদনান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নয়ন মিয়া প্রমুখ।