Sylhet Today 24 PRINT

ত্রাণ লুটপাটের প্রতিবাদে সিলেটে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০২০

সারাদেশে করোনা মহামারিতে নিম্নবিত্ত মানুষের মধ্যে ত্রাণ বণ্টনে অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি, লুটপাটের প্রতিবাদে শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রেখে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সহসাধারণ সম্পাদক খায়রুল হাসান, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল,কমরেড রজত চৌধুরী, কমরেড দেবব্রত পাল মিন্টু, অ্যাডভোকেট মনির উদ্দিন, যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, উদীচীর সন্দীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাউছার, ছাত্রনেতা মৌহাইমিনুল ইসলাম মাহিন, শ্রাবণ দাস প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চলমান করোনা-মহাসংকটে জাতির সমস্ত শক্তি-সামর্থ্য এবং সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের জন্য সমন্বিত প্রচেষ্টার আহবান জানিয়ে আসছে সিপিবি। পাশাপাশি বিভিন্ন প্রগতিশীল-বামপন্থী দল ও গণসংগঠনের সহযোগিতা নিয়ে সিপিবি বিস্তৃত পরিমণ্ডলে জনগণকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু করোনা-মহামারি মোকাবেলায় যখন নানা ধরনের উদ্যোগ চলছে, তখন কতিপয় হিংস্র দানব এই পরিস্থিতিতেও সক্রিয়ভাবে লুটপাটে নেমে পড়ছে।

নেতৃবৃন্দ বলেন, কৃষককে ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত করা, গার্মেন্টস শ্রমিকদের ৪০% বেতন কেটে নেয়া, দুর্গত মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা-অনুদান আত্মসাৎ করা ইত্যাদির মধ্যদিয়ে এই অপশক্তি ভয়ংকর গণশত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। দুই কোটি পরিবারের সাহায্যের প্রয়োজন থাকলেও, মাত্র ৫০ লাখ পরিবারকে নামমাত্র সাহায্য দেয়া হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। সেনাসহায়তায় ত্রাণ বিতরণ ও রেশনকার্ড প্রদান না করায় নানা অনিয়ম, অব্যবস্থাপনা, দলীয়করণসহ নানা গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, লুটেরা-গণশত্রুদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। বর্তমান সংকটকালে লুটেরা-গণশত্রুদের মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না সরকার। কিন্তু এই লুটপাটের বিরুদ্ধে কথা বললেই মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এসময় জনগণকে সমস্ত অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকে আওয়াজ তোলার আহবানও জানান নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.