Sylhet Today 24 PRINT

ঝুঁকি নিতে চাইছেন না সিলেটের স্বর্ণ ব্যবসায়ীরাও

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০২০

ঈদ সামনে রেখে সরকার মার্কেট ও দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছেন না সিলেটের স্বর্ণ ব্যবসায়ীরা। নিজেদের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি, পাশাপাশি কর্মচারীসহ ক্রেতা সাধারণের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ও নানা ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা ইত্যাদি বিষয় নিয়ে চিন্তিত তারা।

এসব কিছু বিবেচনা করে ঈদুল ফিতর পর্যন্ত সিলেটের সকল স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) সিলেট শাখা।

বিজ্ঞাপন

এর আগে একই সিদ্ধান্ত দেয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়ে বলে জুয়েলারি সমিতির নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোনো মার্কেট কমিটি যদি সীমিত পরিসরেও কোনো জুয়েলারি দোকান খোলে, তবে তার দায়ভার উক্ত জুয়েলার্স মালিককেই বহন করতে হবে। এ সংক্রান্ত কোনো জটিলতার জন্য বাজুস দায়ভার নেবে না।

এদিকে বাজুসের নেয়া সিদ্ধান্ত সাথে একমত পোষণ করে আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত সিলেটের সকল স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাংলাদেশ জুয়েলারি সমিতি সিলেট শাখা।

সংগঠনটির সাধারণ সম্পাদক হাজী বাবুল আহমেদ শুক্রবারে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন, সিলেটের সকল জুয়েলারি ব্যবসায়ী এবং কারখানা ঈদ পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.