Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বহিষ্কার আদেশ স্থগিত

জকিগঞ্জ সংবাদদাতা |  ০৭ অক্টোবর, ২০১৫

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ অক্টোবর)  হাইকোর্টের বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ স্থগিতাদেশ দেন।

এর ফলে ইকবাল আহমদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল থাকলেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

গত ২৩ সেপ্টেম্বর এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফৌজদারী মামলা জি.আর-৭০/১২ নম্বর মামলায় দাখিলকৃত অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহিত হয়েছে মর্মে ইকবাল আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ প্রজ্ঞাপনের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে ইকবাল আহমদ তাপাদার হাইকোর্টে রিট মামলা দায়ের করে প্রজ্ঞাপনের কার্যক্রমের স্থগিতাদেশ কামনা করেন।

ইকবাল আহমদ তাপাদারের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দিদার আলম কল্লোল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.