জৈন্তাপুর প্রতিনিধি | ০৮ মে, ২০২০
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে সারাদেশব্যাপী হতদরিদ্র জনগণের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে । এরই ধারাবাহিকতায় ১৯ বিজিবি'র অধীনস্থ বিওপি সমূহের আওতাধীন সীমান্তবর্তী এলাকার হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ৬ মে ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, পিএসসি ত্রাণ বিতরণ উদ্বোধন করেন।
আজ শুক্রবার (৮ মে) বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদ মাওলা ডন, এএফডব্লিউসি, পিএসসির উপস্থিতিতে উত্তরকুল, সোনাপুর, লক্ষ্মীবাজার, লোভাছড়া এবং বিয়াবাইল বিওপি’র পার্শ্ববর্তী এলাকা সমূহে খেটে খাওয়া, গরিব-দুঃখী এবং কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণের প্রতি প্যাকেটে চাল ৬ কেজি, আটা ২ কেজি, ছোলা ১ কেজি, ডাল ১ কেজি, তেল ৫০০ গ্রাম এবং লবণ ৫০০ গ্রামসহ প্রত্যেককে মোট ১১ কেজি খাদ্য সামগ্রী করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধমূলক সকল নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।