শায়েস্তাগঞ্জ প্রতিনিধি | ০৯ মে, ২০২০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। শুক্রবার ইউনিয়ন অফিসের অভিযান চালিয়ে ত্রাণের ১৭শ কেজি চাল উদ্ধার করেছে প্রশাসন।
সারাদেশে লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়ায় সরকার ত্রাণ হিসেবে তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করছে।
এরই ধারাবাহিকতায় নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পান ত্রাণ বণ্টন করার। কিন্তু বণ্টনের শুরু থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
বিজ্ঞাপন
অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার বিরুদ্ধে ত্রাণ ও ভিভিডি এর চাল আত্মসাতসহ নানা অনিয়মের তদন্ত আসেন। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা তদন্ত কার্যক্রম চলে।
এতে চেয়ারম্যান মুখলিছ মিয়ার ত্রাণের চাল বিতরণ সহ নানা অনিয়ম দেখতে পান তিনি। এসময় ত্রাণের ১৭শ কেজি চালও উদ্ধার করেন ইউনিয়ন অফিস থেকে। ভিজিডির ৩শ কেজি চাল আত্মসাৎ করার প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তদন্ত চলাকালে অনেকেই অভিযোগ করেন ত্রাণের চাল না পাওয়ার। আবার অনেক নাম তালিকায় থাকা সত্বেও তারা চাল পাননি। এছাড়াও ভুয়া টিপসই দিয়ে চাল আত্মসাতের অভিযোগও করেন ভুক্তভোগীরা।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়ে তদন্তে যাই। তদন্ত করে ভিজিডির ৩ কেজি চালের হদিস পাওয়া যায়নি। আর ত্রাণের ১৭ শ কেজি চাল উদ্ধার করা হয়। এ বিষয়ে চেয়ারম্যান বিরুদ্ধে মামলা করা হবে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।