কুলাউড়া প্রতিনিধি | ০৯ মে, ২০২০
করোনা মহামারীতে কর্মহীন মানুষের জন্য কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মানেননি নেতৃবৃন্দ। করোনা পরিস্থিতিতে সরকার যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী সেবা ও ত্রাণ বিতরণে নির্দেশ দেয়া রয়েছে সেখানে স্বয়ং সরকার দলীয় নেতৃবৃন্দের কাছে উপেক্ষিত সামাজিক দূরত্ব।
শনিবার (৯ মে) দুপুরের দিকে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণে আওয়ামী লীগের এমন অসচেতনতায় বিস্ময় প্রকাশ করছেন সাধারণ মানুষ। কুলাউড়ায় ৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হন এরমধ্য কোন ধরণের উপসর্গ ছাড়াই সামাজিক সংস্পর্শের কারণে করোনায় আক্রান্ত হয়েছেন কয়েকজন। আওয়ামী লীগ নেতাদের সামাজিক দূরত্ব না মানায় ও তাদের অসচেতনতার কারণে করোনায় আক্রান্ত হওয়ার বেশ আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই।
জানা যায়, শনিবার দুপুরের দিকে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। ত্রাণ বিতরণের আগে প্রধান অতিথির সাথে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একত্রে গাদাগাদি করে ফটোসেশনে অংশ নেন। পরে শহীদ মীনারের সামনে নেতারা গাদগাদি করে ত্রাণ বিতরণ করেন।
অনুষ্ঠানে অসহায় মানুষের সুষম বন্টনের জন্য উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে তা হস্তান্তর করা হয়।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর নির্দেশনায় এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামের তত্ত্বাবধানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক রাধা পদ সজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক গৌরা দে, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কামাল হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ।