Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ভারতীয় মহিষের মাংস জব্দ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১১ মে, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফ্রিজিং ও বিক্রির প্রয়োজনীয় সনদ না থাকায় ভারতীয় মহিষের মাংস জব্দ করে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (১১ মে) ব্যবসায়ী আব্দুর রউফ সবুজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে সকাল ৬টায় ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা করে উপজেলার বিরামচর এলাকা থেকে প্রায় ৪২ কেজি ভারতীয় মহিষের মাংস জব্দ করে থানায় নিয়ে আসেন এসআই কামরুল। পরে বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার নিজ অফিসে ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করে মাংসগুলো মাটিতে পুতে ধ্বংস করে দেয়া হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে, স্যানিটারি ইন্সপেক্টর শেখ মো. আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম, উপজেলা অফিসের সিও হিমাংশু চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।

ইউএনও সুমী আক্তার বলেন, ফ্রিজিং করার কথা থাকলেও সেভাবে করা হয়নি। আর মাংস বিক্রির প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেনি বিক্রেতা। তাই সংশ্লিষ্ট আইনের ধারায় তাকে (মাংস ব্যবসায়ী) এ অর্থদণ্ড করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.