Sylhet Today 24 PRINT

বড়লেখা হাসপাতালে কোভিড- ১৯ সুরক্ষা বুথ স্থাপন

বড়লেখা প্রতিনিধি |  ১২ মে, ২০২০

করোনাভাইরাসের বিস্তার রোধে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। চিকিৎসক ও হাসপাতালে আসা রোগীর সুরক্ষা ও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে বড়লেখা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই ‘ঝুঁকিমুক্ত’ বুথ স্থাপন করা হয়।

সোমবার (১১ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করা হয়। বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ বুথটির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, ডা. শুভ্রাংশু শেখর দে, ডা. মো. ফয়জুল ইসলাম ও সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল কার্যক্রমের আওতায় রোগী কল্যাণ সমিতির অর্থায়নে এটি স্থাপন হয়। কোভিড-১৯ সুরক্ষার এই বুথে রয়েছে ইনফ্রারেড থার্মোমিটার, পালস অক্সিমিটার, স্টেথোস্কোপ, সুরক্ষিত গ্লাস, স্পিকার ও বিশেষ ধরণের গ্লাভস। এ বুথের মাঝখানে রয়েছে কাঁচের সুরক্ষা। এর এক পাশে থাকবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অন্য পাশে থাকবে হাসপাতালে আসা দর্শনার্থী। কাঁচের ভেতরে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে বাইরের বাতাস প্রবেশের সুযোগ নেই। ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে সংক্রামণের ঝুঁকি থেকে রেহাই পাবেন। এতে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী আসলে তাকে সহজেই চিহ্নিত করা যাবে। এ পদ্ধতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেবে। কোনো রোগীর সংম্পর্শে যাওয়ার ঝুঁকি নেই। বুথটি বড়লেখায় করোনার কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধে ভূমিকা রাখবে। ১২ মে থেকে এই কার্যক্রম শুরু হবে।

বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে কেউ আসলে তাকে এ বুথে সহজেই চিহ্নিত করা যাবে। এটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেবে। রোগীর সংস্পর্শে যাওয়ার ঝুঁকি নেই। এই কার্যক্রম তত্ত্বাবধান করেন জেলা সমাজসেবা কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.