নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০২০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলমের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১২টার দিকে পারিবারিকভাবে সিলেট নগরীর মানিক পীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার ভোর রাত ৩টা ২৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
গত বুধবার শারীরিক নানা অসুস্থতা নিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম। শারীরিক অবস্থার অবনতি হলে সেই রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
চিকিৎসকরা তখন জানান, ডা. মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছেন। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না। চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে।