কমলগঞ্জ প্রতিনিধি | ১২ মে, ২০২০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের কিশোরী সঞ্চিতা শব্দকর (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী এক যুবকের উৎপাতে অতিষ্ঠ হয়ে সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ৭টায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সঞ্চিতা শব্দকর শ্রীনাথপুর শব্দকর পাড়ার ব্রজেন্দ্র শব্দকরের মেয়ে।
শব্দকর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর বলেন, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে ছেলে মধু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সে কিশোরীকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। আজ ভোর ৬টায় কিশোরী ঘর থেকে বের হয়ে পূজার জন্য ফুল কুড়িয়ে আনে। সকাল ৭টার দিকে প্রতিবেশী সজল শব্দকরের বাড়ির খড়ের গাদায় রহস্যজনক আগুন লাগলে সবাই আগুন নেভাতে যান। এই ফাঁকে কিশোরী পরনের ওড়না গলায় পেঁচিয়ে ঘরের উপরের চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার পর কমলগঞ্জ থানা ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
কিশোরীর বাবা ব্রজেন্দ্র শব্দকর অভিযোগ করে বলেন, ইন্তাজ মিয়ার বখাটে ছেলের উৎপাত চরম আকার ধারণ করেছিল। আর এ উৎপাতের কারণেই আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ইন্তাজ মিয়ার ছেলে মধু মিয়া আসলেই একটি বখাটে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত করে আসল রহস্য বের করার দাবী জানান।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান শব্দকর কিশোরীর আত্মহত্যা ঘটনা ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আপতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত কোন অভিযোগ আসেনি। নিহত লাশের সুরতহাল তৈরির ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।