নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০২০
দীর্ঘ ২ মাস ৬ দিন ধরে বন্ধ থাকা হবিগঞ্জের চুনারুঘাটের রেমা চা-বাগানের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, বাগান খুলে দেয়া সহ নানা দাবিতে ৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন শ্রমিকরা।
আজ (মঙ্গলবার) দুপুরে চা শ্রমিকদের এক সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নিতেন পাল এ আল্টিমেটামের ঘোষণা দেন।
মূল উৎসব বোনাস, ২০১৭-১৮ সালের বকেয়া মজুরিসহ ১১ দফা দাবিতে থাকা শ্রমিকদের সাথে গত ৫ মার্চ বাগান কর্তৃপক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ৬ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় বাগানটির সকল কার্যক্রম।
দীর্ঘদিন ধরে বন্ধ বাগানে কাজ বেতন ভাতা না পাওয়ায় বাগানের প্রায় ১২০০ শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছেন বলে জানান নিতেন পাল।
শ্রমিক সমাবেশে চা শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করে বাগানের কার্যক্রম স্বাভাবিক করার দাবিসহ চা শ্রমিকদের উপর দেয়া বাগান কর্তৃপক্ষের মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা মোহন রবিদাস, অ্যাডভোকেট আবুল হাসান, চা বাগানের মেম্বার নির্মল চন্দ্র দেব।
এর আগে গত ২২ মার্চ রেমা চা-বাগান থেকে দীর্ঘ ১৫ মাইল হেটে চুনারুঘাট উপজেলা সদরে এতে বিক্ষোভ করেন বাগানের ছয় শতাধিক চা-শ্রমিক।