Sylhet Today 24 PRINT

চাল আত্মসাতের অভিযোগে এবার চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত মুখলিছ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১২ মে, ২০২০

ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এই বর্তা পাঠানো হয় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান মুখলিছের সাময়িক বরখাস্তের আদেশ আসায় এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাবো।

উল্লেখ্য ৮ মে শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকারি ত্রাণের চাল ও ভিজিডির চাল আত্মসাৎ অভিযোগ এনে শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৭০০কেজি চাল জব্দ করে এবং অভিযোগের সত্যতা পায়। এছাড়া ৩০০ কেজি চালের কোন হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.