বানিয়াচং প্রতিনিধি | ১৩ মে, ২০২০
হবিগঞ্জে এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বুধবার (১৩ মে) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে, পাড়ায়-মহল্লায়, মাদ্রাসায় এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সাংসদ মরহুম শরীফ উদ্দিন আহমদের পুত্র।
আওয়ামী লীগ নেতা রুয়েল সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, অনেকদিন ধরে ভাবছিলাম এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানোর। তারা কেমন আছে, কোথায় আছে? খোঁজ নিয়ে জানলাম তারা কেউ আছে এতিমখানায়, কেউ আছে মাদ্রাসায়, আবার যাদের মাদ্রাসা বন্ধ তারা আছে কারো না কারো আশ্রয়ে।
বুধবার হবিগঞ্জ সদর উপজেলায় খুঁজে খুঁজে এমন এতিম বাচ্চাদের ও যেসব এতিম বাচ্চা অন্যের আশ্রয়ে আছে তাদের ঈদ বাজার উপহার দিয়েছেন ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
তিনি বলেন, এই মহামারীর সময় আমরা যার যার সাধ্য অনুযায়ী যেন মানুষের পাশে দাঁড়াই, একে অন্যকে সাহায্য করি। তাছাড়া এই করোনাকালে সবসময় এতিম শিশুদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।