Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক বাছাই

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ১টি পৌরসভার উন্মুক্ত পদ্ধতিতে বাছাই অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৫১০ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ২৬ টাকা প্রতি কেজি দরে ৬৭৩ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা কৃষি অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মণ্ডল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.