নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২০
ফান্ডরাইজার ওয়ার্কশপ উইক ২০২০ আয়োজন করেছে সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি (এসডিএস)। এই কর্মশালার রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত সকল টাকা সুনামগঞ্জের সরকারি শিশু পরিবারে (এতিমখানা) দান করা হবে। ফেসবুক গ্রুপের মাধ্যমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ মে) থেকে (২৪ মে) পর্যন্ত মোট সাতটি ক্লাসে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি এবং মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি অংশগ্রহণ করছে।
সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিক চৌধুরী তপু জানান, করোনাভাইরাসের কারণে আমাদের পৃথিবী একটি নির্দিষ্ট বৃত্তে আটকে আছে। এই আটকে যাওয়া পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যাদের আয়ের উৎসই বন্ধ হয়ে গিয়েছে। আমরা সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি বিশ্বাস করি শত শত ট্রফির পূর্বে বিতর্ক আমাদের মানবিক মানুষ হবার শিক্ষা দেয়। এই স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবীতে আমরা আমাদের মানবিক মূল্যবোধ থেকে আয়োজন করছি ফান্ডরাইজার ওয়ার্কশপ উইক ২০২০। যার রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত সকল টাকা সুনামগঞ্জের সরকারি শিশু পরিবারে(এতিমখানা) দান করা হবে।
এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের বিতর্ক অঙ্গনের কৃতী বিতার্কিকবৃন্দ। সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির এই আয়োজনে বিতর্কের বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা নিবেন বিতর্ক প্রশিক্ষকরা।
এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশের বিতর্ক অঙ্গনের কেন্দ্রীয় সংগঠন ‘বাংলাদেশ ডিবেট ফেডারেশন’। রেজিস্ট্রেশনকৃত বিতার্কিকদের একটি ক্লোজ ফেসবুক গ্রুপে এড করা হবে। এই গ্রুপেই আমাদের পুরো কর্মশালা টি পরিচালিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।