Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ভাতা দেয়ার নামে ইউপি সদস্যের উৎকোচ আদায়

দিরাই প্রতিনিধি |  ১৪ মে, ২০২০

দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল আহমদ এর বিরুদ্ধে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে গ্রামের বয়স্ক লোকদের কাছ থেকে উৎকোচ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ওয়ার্ডের রাজনাও গ্রামের ১৮ জন বয়স্ক ভাতা পাওয়ার দাবিদার নারী -পুরুষ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে হেলাল আহমদের বিরুদ্ধে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী তুলাই বিবি, মলিকা বিবি, হাছন খা, আমিনা বিবি, ইদ্রিস উল্লা, জলিকা বিবি বলেন, ৫-৬ মাস আগে আমাদের ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) আমাদের কে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে কার্ডের খরচ বাবদ প্রত্যেকের কাছ থেকে পাঁচশত থেকে এক হাজার টাকা করে নেন, আমরা সরল বিশ্বাসে আমাদের গ্রামের মেম্বার হওয়ায় টাকা দেই। আজ ৫-৬মাস হয় আমাদের কার্ড করে না দেওয়ায় মেম্বারের কাছে গেলে তিনি আমাদের ভয়ভীতি দেখান। আমরা নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছি।

এছাড়াও হাওর রক্ষা বাঁধ নারায়ণ কুড়ি ব্রিজ হইছে বাসুরীর খাল পর্যন্ত ( পিআইসি নং ৭৯ খ) এর সভাপতি ইউপি সদস্য হেলাল আহমদের বিরুদ্ধে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবো শাখা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নারায়ণ কুড়ি গ্রামের ৯৭ জনের সাক্ষরসহ আব্দুল মনির। পরে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে কাজের মেয়াদ শেষ হওয়ার পরও দ্বিতীয় দফা কাজ করান ওই ইউপি সদস্য। দ্বিতীয়দফায় কাজ করেও কাজ নীতিমালা অনুযায়ী হয়নি বলে জানান গ্রামবাসী। এ ব্যাপারে ইউপি সদস্য হেলাল আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.