শায়েস্তাগঞ্জ প্রতিনিধি | ১৬ মে, ২০২০
অসহায় নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রথম রমজান থেকে শুরু করে টানা ২১ রমজান পর্যন্ত ইফতার বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছে শায়েস্তাগঞ্জের হাজী বারিক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত হাজী আব্দুল বারিকের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিম্ন আয়ের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
হাজী আব্দুল বারিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পৌর যুবলীগ সভাপতি মো. আব্দুল মুকিত রান্না করে প্রতিদিন বিকেল বেলা তার ছোট ভাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মজিদুর রহমান সাগরকে নিয়ে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এ ইফতার দিয়ে আসেন।
ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ৭ ওয়ার্ডে প্রায় ৪ হাজার অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মুকিত বলেন, আমার বাবা অসহায় মানুষদের বিপদের সময় পাশে দাঁড়াতেন। করোনার কারণে নিম্ন আয়ের মানুষদের খুব কষ্টে দিন যাচ্ছে। ঠিকমতো ইফতারও করতে পারছেন না। তাই আমার বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করে বাড়ি বাড়ি গিয়ে ইফতার দিয়ে আসছি। আমি পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই ইফতার পৌঁছে দিবো। নিম্ন আয়ের মানুষরা যাতে ভালো কিছু দিয়ে ইফতার করতে পারে। পুরো রমজান মাস এ কার্যক্রম চলমান থাকবে।
তরুণ লেখক ও জেনন ফ্রেন্ডসের সদস্য আজমল আলী শিহাব বলেন, বারিক ফাউন্ডেশন মহতী কাজ করছে। অসহায় মানুষদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের এ কাজে আরও লোকজন উৎসাহিত হয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।