Sylhet Today 24 PRINT

বড়লেখায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি

৫ লক্ষ টাকার মালামাল লুট : আহত ২

বড়লেখা প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরের ২নং ওর্য়াডের হাটবন্দ মহল্লার বাসিন্দা গোপাল পালের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৪ লক্ষ ১৩ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল ফোনসেটসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী গোপাল পাল ও তার স্ত্রী আহত হয়েছেন।

ডাকাতির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার ও বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাত কবলিত বাড়ির লোকজন ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, পৌর শহরের হাটবন্দ মহল্লার বাসিন্দা বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী গোপাল পালের বাসায় ভোর রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাসার ২য় তলায় উঠে স্টিলের দরজা ভেঙে গোপাল ঘরে প্রবেশ করে।

এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ঘরে প্রবেশ করে ডাকাতরা আলমারি ভেঙে মালামাল খুঁজতে থাকে। এক পর্যায়ে ঘুমে থাকা গোপাল পাল ও তার স্ত্রীর ঘুম ভাঙলে ডাকাতদের দেখতে পান। তারা ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করে। এতে গোপাল পাল ও তার স্ত্রী শিখা পাল আহত হন। গৃহকর্তাকে আহত করে ডাকাতরা দ্রুত আলমারি থেকে নগদ ৪ লক্ষ ১৩ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। ডাকাতরা চলে যাবার পর আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের বড়লেখা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

 বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.