মাধবপুর প্রতিনিধি | ১৭ মে, ২০২০
হবিগঞ্জের মাধবপুরে বাড়িতে ল্যাট্রিন বানানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই মুফতি আব্দুল আহাদ ( ৩০) খুন হয়েছেন।
শনিবার (১৬ মে।) রাত সাড়ে নয়টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে ইদন মিয়া ও তার ভাই মুফতি আব্দুল আহাদের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। শনিবার দুপুর আড়াইটার দিকে মুফতি আব্দুল আহাদ বাড়িতে একটি ল্যাট্রিন বানানোর উদ্যোগ নেন। এতে বড় ভাই ইদন মিয়া বাঁধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই ইদন মিয়া ছোট ভাই আব্দুল আহাদকে ধারালো দা দিয়ে পিছন দিক থেকে অতর্কিতে মাথায় কোপায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে নয়টার দিকে আব্দুল আহাদ মারা যান।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল আহাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই পুলিশ তার ঘাতক ভাই ইদন মিয়ার বাড়িতে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। ঘটনার পর পর ইদন মিয়া বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।