নবীগঞ্জ প্রতিনিধি | ১৭ মে, ২০২০
হবিগঞ্জের নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় বিভিন্ন ক্রেতা, পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ও কাজিরবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে ব্যবসায় প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসায় বিভিন্ন ক্রেতা এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা প্রদান ও তা আদায় করা হয়েছে।
এদের মধ্যে বিভিন্ন লোক মাস্ক না পড়ে কোন কাজ ছাড়াই বাজারে চলাফেরা করায় এবং মোটর সাইকেলে তিন জন আরোহীর কেউই মাস্ক না পরায় তাদেরকেও জরিমানা করা হয়।
এদিকে দণ্ডপ্রাপ্ত কাজিরবাজারের শাহজালাল ক্লথ স্টোরের মালিক স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিক মিয়া। একজন ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানেই স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় অনেকেই সমালোচনা করছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।