Sylhet Today 24 PRINT

বেনপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বেনাপোল প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০২০

পারিবারিক কলহের জের ধরে যশোরের বেনাপোল কাগজপুকুর গ্রামে ছোট ভাই আমজাদ হোসেন মিশার গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত রাসেল ইদ্রিস আলীর ছেলে।

ছোট ভাই আমজাদ হোসেনকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ বাধে। এক পর্যায়ে ছোট ভাই মিশা ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছুড়লে রাসেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও চাকুসহ আটক করেছেন।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.