Sylhet Today 24 PRINT

ভারতে যাওয়ার পথে বেনাপোল সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

বেনাপোল প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও এক শিশু রয়েছে।

আটককৃতরা হলেন, আব্দুল হালিম (৫৩), কাওছার আলী (২২), মোসাম্মৎ খুশির বেগম (২১), সৈয়েদুল কাউসার (২১), কোনাইস বিবি (২৭), দিলজান খাতুন (১৬) ও শিশু মোহাম্মদ সালমান (১৮ মাস)।

খুলনা বিজিবি-২১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, গোপন খবরে বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারত যাওয়ার জন্য এসেছিল।

আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.